নিজস্ব প্রতিবেদক
চলমান দুর্যোগ, টানা বর্ষণ ও তীব্র জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা অব্যাহত রাখার প্রতিবাদে আবারও রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ এই সড়ক সংযোগস্থলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট ও জনভোগান্তি। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। তারা পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। সরেজমিনে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কের বিভিন্ন অংশে বসে পড়েন এবং স্লোগান দিতে থাকেন। এসময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানালে তারা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে মারাত্মক সমস্যায় পড়ছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত অমানবিক ও বাস্তবতাবিবর্জিত।
অবরোধের ফলে সায়েন্সল্যাব মোড় সংলগ্ন সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসফেরত মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। দীর্ঘ সময় আটকে থাকায় অনেকেই বিকল্প পথ খুঁজতে বাধ্য হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।