নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের লাখাই উপজেলার কাশিমপুর গ্রামে তিন বছর ধরে স্বামী বিদেশে থাকা অবস্থায় এক নারীর সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে গ্রামজুড়ে সৃষ্টি হয়েছে রহস্য ও কৌতূহল।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিমপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে বিদেশে অবস্থান করছেন। এই সময়ে তার স্ত্রী খাদিজা (৩০) শ্বশুরবাড়িতে দুই সন্তান ও শ্বশুরের সঙ্গে বসবাস করছিলেন। প্রতিবেশীদের দাবি, গত ৯ জুলাই রাতের দিকে খাদিজার প্রসববেদনা শুরু হলে তার জা আক্তার বানু এবং প্রতিবেশী রুজি আক্তার ও ফাইজুন্নাহার সেখানে উপস্থিত হন। তাদের ভাষ্য অনুযায়ী, ওই রাতে খাদিজা একটি ছেলে সন্তানের জন্ম দেন। আক্তার বানু জানান, ঘরে ঢুকে নবজাতকের কান্না শুনেছি এবং একটি ছেলে সন্তান দেখেছি। একই দাবি করেন রুজি আক্তার ও ফাইজুন্নাহার। ফাইজুন্নাহার বলেন, আমি নিজেই শিশুটিকে কোলে নিয়েছি। তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন খাদিজা। তার দাবি, তিনি কোনো সন্তানের জন্ম দেননি। দীর্ঘদিনের শারীরিক সমস্যার কারণে তার শরীর থেকে একটি রক্তের পিণ্ড বের হয়েছে, যা নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে।
খাদিজার বাবা ফজলুর রহমানও অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে বলেন, আমার মেয়ে কোনো সন্তান জন্ম দেয়নি। এটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনো সরেজমিনে তদন্ত করা হয়নি। যাচাই ছাড়া কিছু বলা যাচ্ছে না।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
ঘটনাটি সত্য না গুজব,তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।