নিজস্ব প্রতিবেদক
কিছু মানুষ নিজের জন্য বাঁচেন, আবার কিছু মানুষ সারাজীবন মানুষের অধিকারের জন্য লড়াই করেন। ভবদহ অঞ্চলের পানি বন্দী মানুষের কাছে তেমনই এক নির্ভীক ও বলিষ্ঠ কণ্ঠস্বর হলেন সংগ্রামী নেতা রণজিৎ বাওয়ালী। ভবদহ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা, কৃষক-শ্রমিকের দুর্ভোগ এবং পানি বন্দী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি ছিলেন অগ্রণী সৈনিক। ব্যক্তিগত স্বার্থকে দূরে সরিয়ে রেখে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করেছেন তিনি। ২০১৬ সালের ৫ অক্টোবর নওয়াপাড়ায় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার শিকার হন রণজিৎ বাওয়ালী। সেই হামলায় তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারান। পরবর্তীতে নানা জটিলতার কারণে আজ তিনি সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে পড়েছেন।
সম্প্রতি ২০২৬ সালের ১ জুলাই হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন স্ট্রোক) হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে।
রণজিৎ বাওয়ালী শুধুমাত্র একজন আন্দোলনের নেতা নন; তিনি ছিলেন মানুষের হৃদয়ের মানুষ। বাউল গানের মাধ্যমে তিনি মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে জাগ্রত করেছেন জনসাধারণকে। ভবদহের প্রতিটি সংগ্রামে তার কণ্ঠ ছিল সাহসের প্রতীক।সহযোগিতার আহ্বান: এখন তাঁর পাশে দাঁড়ানোর সময়
যিনি সারাজীবন মানুষের পাশে থেকেছেন, আজ সেই মানুষটির পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। দল-মত-ধর্ম নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। আপনার সামান্য সহযোগিতাও হতে পারে একটি জীবনের আশার আলো। সহায়তা পাঠানোর ঠিকানা:
📱 বিকাশ: ০১৭১২৫৮৩৪৩৮
🏦 আইএফআইসি ব্যাংক, নওয়াপাড়া শাখা
হিসাব নম্বর: ০১৭০৩২৪২৫৪৮১১
সংগ্রামী এই মানুষটির দ্রুত সুস্থতা কামনা করছে ভবদহসহ সমগ্র দেশবাসী। মানুষের অধিকার আদায়ের এই যোদ্ধা আবারও ফিরে আসুন মানুষের কাতারে, এই প্রত্যাশা সবার।