আন্তর্জাতিক ডেস্ক
পছন্দের শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে স্বামীকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার নারী সুনীতাদেবী হরেরাম সিংহ (৩০) বিহারের রোহতাস জেলার বাসিন্দা। মঙ্গলবার (২২ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়। গত ১৯ জুলাই থানে জেলার বাদলাপুর পূর্ব এলাকার নিজ বাসায় স্বামী হরেরাম কিশুনজি সিংহ (৩৫) ও তার স্ত্রী সুনীতাদেবীর মধ্যে শাড়ি কেনা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বাকবিতণ্ডায় রূপ নেয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, উত্তেজিত অবস্থায় সুনীতাদেবী প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীকে আঘাত করেন। এরপর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। ঘটনার পর সুনীতাদেবী পুলিশকে জানান, স্বামীর মৃত্যু দুর্ঘটনাজনিত। তার বক্তব্যের ভিত্তিতে প্রথমে একটি অপমৃত্যুর মামলা (এডিআর) দায়ের করা হয়। তবে সরকারি হাসপাতালের ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে ভিন্ন চিত্র, শ্বাসরোধজনিত অস্বাভাবিক মৃত্যুর প্রমাণ মিললে তদন্তের মোড় ঘুরে যায়।্দলাপুর পূর্ব থানার জ্যেষ্ঠ পরিদর্শক নীতিন পাতিল জানান, চিকিৎসা প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে, শ্বাসরোধের ফলে ওই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরবর্তী তদন্তে পরিবারের সদস্য ও বাড়ির মালিকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে স্ত্রীর বিরুদ্ধে সন্দেহ জোরালো হয়। মামলাটি আদালতে উপস্থাপনের পর স্থানীয় আদালত অভিযুক্ত সুনীতাদেবীকে আগামী ২৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
ঘটনার প্রকৃত কারণ ও অন্যান্য দিক খতিয়ে দেখছে পুলিশ।