নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলার ভৈরব উত্তর পূর্ব জনপদের হিদিয়া, গোপীনাথপুর, শ্যামনগর ও ইছামতী গ্রামজুড়ে অনলাইন জুয়া, মাদক ও অবৈধ অস্ত্রের ভয়ংকর বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অনুসন্ধানে উঠে এসেছে, একটি সংঘবদ্ধ অপরাধচক্র দীর্ঘদিন ধরে এই অঞ্চলে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলে প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে জুয়া, মাদক ব্যবসা ও নানা সন্ত্রাসী কার্যক্রম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা নামলেই শত শত মোটরসাইকেলের বহর নিয়ে যুবকদের শোডাউন শুরু হয়। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় চরম ভীতি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্পটে বসে অনলাইন জুয়ার আসর, পাশাপাশি মাদক কেনাবেচা ও সেবন চলে প্রকাশ্যেই, যা এখন এলাকাবাসীর কাছে ওপেন সিক্রেট। অনুসন্ধানে যা উঠে এসেছে, প্রতিদিন একাধিক স্থানে অনলাইন জুয়ার আসর বসে
মাদক (ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ) বিক্রি ও সেবন অবাধ মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে শক্তির প্রদর্শন চক্রের সদস্যরা চাঁদাবাজি, ছিনতাই ও লুটপাটে জড়িত রাতভর উচ্চ শব্দ ও আতঙ্কে ঘুমাতে পারেন না গ্রামবাসী স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এই সিন্ডিকেটের দাপটে সাধারণ মানুষ চরম অসহায় হয়ে পড়েছে। অনেক পরিবার অনলাইন জুয়া ও মাদকের নেশায় ধ্বংসের মুখে।
ভয়ংকর নেটওয়ার্ক ও প্রভাবশালীদের ছত্রছায়া
অনুসন্ধানে আরও জানা গেছে, এই অপরাধচক্রটি একটি বড় নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যার সঙ্গে স্থানীয় প্রভাবশালী মহলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ রয়েছে। অর্থের বিনিময়ে এই সিন্ডিকেটের কর্মকাণ্ড চললেও কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, প্রতিবাদ করলে রাতে বাড়িতে হামলা হয়, না হয় এলাকা ছাড়তে হয়। তাই আমরা চুপ থাকতেই বাধ্য। অপরাধের বিস্তার: জুয়া থেকে সন্ত্রাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়া অনেকেই পরে মাদক ব্যবসা, অস্ত্র ব্যবহার, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে পুরো অঞ্চলটি ধীরে ধীরে একটি ক্রাইম জোনে’ পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত আছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জুয়া সিন্ডিকেট ভেঙে দেওয়া মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার অস্ত্র উদ্ধার রাতের শোডাউন বন্ধ করার জোর দাবি জানিয়েছেন।
অভয়নগরের ভৈরব পূর্ব জনপদের এই পরিস্থিতি শুধু আইনশৃঙ্খলার জন্য নয়, সামাজিক স্থিতিশীলতার জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই অঞ্চল আরও ভয়াবহ অপরাধের ঘাঁটিতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।