নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলায় পুলিশের চেকপোস্টে নাটকীয় অভিযানে চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধুমধুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, এর আগে গত রোববার রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনের দুই সহযোগী মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। তাদের মধ্যে আসিফ একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, আসিফকে গ্রেপ্তারের সময় তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই অভিযানে আরিফের প্যান্টের পকেট থেকে আরও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ব্যক্তি নিজেদের ডেভিড ইমনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচয় দেন। তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে স্বীকার করেছেন। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওই দুই সহযোগীর দেওয়া তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান নিশ্চিত করা হয়। পরে যশোরের ঝিকরগাছা উপজেলার ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও চারজনকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তাদের সন্ত্রাসী নেটওয়ার্ক, অবৈধ অস্ত্রের উৎস, সহযোগীদের পরিচয় এবং চট্টগ্রামে সংঘটিত বিভিন্ন অপরাধে সম্পৃক্ততা সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।