বিনোদন ডেস্ক
ঢালিউডে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ‘গুলশানের চামেলী’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তার। শুরুতেই এমন বড় আয়োজন আর তারকাবহুল প্রজেক্টে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত অনুষ্ঠান। সেখানে উপস্থিত হয়ে মধুমিতা বলেন, আমি এখানকার সবার এতটা ভালোবাসা পেয়ে আপ্লুত। এত ক্যামেরার সামনে, এত গুণী মানুষের সঙ্গে আমার ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। তিনি আরও বলেন, আমরা যে এনার্জি ও স্পিড নিয়ে কাজ শুরু করেছি, আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। এমডি ইকবাল পরিচালিত গুলশানের চামেলী সিনেমাটি মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মধুমিতা সরকার, যা নিয়ে দুই বাংলার দর্শকদের মধ্যেই ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
জানা গেছে, সিনেমাটি নির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে, যেখানে উঠে আসবে সমাজের বাস্তবতা, সংগ্রাম ও মানবিক গল্প। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এই সিনেমায় বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় একঝাঁক শিল্পী একসঙ্গে কাজ করবেন।
ইতোমধ্যে শিল্পী তালিকায় যুক্ত হয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার এবং কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে। এর আগে, স্বামী দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গে নিয়ে শনিবার সকাল ১০টার দিকে ঢাকায় পৌঁছান মধুমিতা সরকার। নতুন এই যাত্রাকে ঘিরে তিনি যেমন উচ্ছ্বসিত, তেমনি দর্শকরাও অপেক্ষায় রয়েছেন তার ঢালিউড অভিষেক দেখার জন্য।
সবমিলিয়ে ‘গুলশানের চামেলী’ সিনেমাটি হয়ে উঠতে যাচ্ছে দুই বাংলার তারকাদের মিলনমেলা এবং একটি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র।