নিজস্ব প্রতিবেদক
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে রাতের আঁধারে অনুষ্ঠিত এক ‘গোপন বৈঠক’ ভেস্তে দিয়েছে পুলিশ। আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী একটি রেস্তোরাঁয় বৈঠক করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গুলশান পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মেহেদী মাসুদ চৌধুরী, এস এম রেজওয়ান হাবিব আলিফ, নান্নু মিয়া, আমিনুর রহমান, সজল আহমেদ ও ইব্রাহিম হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই রেস্তোরাঁয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গোপন বৈঠক করছেন। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বৈঠক শেষে রাজধানীতে একটি মিছিল করার পরিকল্পনা ছিল তাদের। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।