নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কূটনৈতিক এলাকা বারিধারায় অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ার প্রভাবে অসুস্থ হয়ে পড়েন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান। বর্তমানে তারা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৫৬ মিনিটে বারিধারার ইউএন রোডের ২২ নম্বর বাড়িতে অবস্থিত হাইকমিশনারের সরকারি বাসভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভোর ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫টা ২০ মিনিটে সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের পরপরই বাসভবনে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে, যার ফলে শ্বাসকষ্টে ভুগতে থাকেন হাইকমিশনার দম্পতি। পরে সকাল ৯টার দিকে তাদের রাজধানীর গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে চিকিৎসকরা সতর্কতার অংশ হিসেবে পর্যবেক্ষণে রেখেছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। ঘটনাটি কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ও অগ্নি-নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।