নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে প্রকাশ্যে মাদক সেবন করে এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে আলমগীর হোসেন (২৯) নামের এক যুবককে ৭ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মহাকাল এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু তাৎক্ষণিক শুনানি শেষে এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন মহাকাল এলাকার মৃত মোহাম্মাদ আলী খাঁর ছেলে বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আলমগীর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে এলাকায় বিভিন্ন সময় বিশৃঙ্খল আচরণ করে আসছিলেন। ঘটনার দিন দুপুরে তিনি মাদক সেবন করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ প্রেক্ষিতে তাকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, এলাকায় মাদক সেবন ও এর প্রভাব দিন দিন বাড়ছে, যা সামাজিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা এ ধরনের অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।