নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি, যা শিক্ষা খাতে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
প্রকাশিত ফলাফলের তথ্যে দেখা গেছে, শূন্য পাস করা ৩১২টি প্রতিষ্ঠানের মধ্যে, সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে এছাড়া বিদেশের একটি পরীক্ষাকেন্দ্রেও কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে, সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন মাদ্রাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন করে
ফল বিশ্লেষণে দেখা যায়, বিশেষ করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২২৬টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, যা শূন্য পাসের তালিকায় সবচেয়ে বেশি এবং সবচেয়ে উদ্বেগজনক দিক হিসেবে দেখা হচ্ছে। ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফলাফল জানার ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারছে। শিক্ষা বিশ্লেষকদের মতে, এত বিপুল সংখ্যক প্রতিষ্ঠানে শূন্য পাসের ঘটনা শিক্ষা ব্যবস্থার মান, পাঠদানের গুণগত দিক এবং তদারকির ঘাটতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। সংশ্লিষ্টদের মতে, দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়তে পারে।