নিজস্ব প্রতিবেদক
প্রযুক্তিকে কাজে লাগিয়ে অপরাধজগতের নিয়ন্ত্রণ করতেন জেলা যুবদলের বহিষ্কৃত সদস্য নাসির উদ্দিন সেন্টু, এমন অভিযোগ উঠেছে। পুলিশের অভিযান শুরুর আগেই ওয়াকিটকির মাধ্যমে খবর পেয়ে যেতেন তিনি। ব্যবহার করতেন উন্নত মানের একটি ওয়াকিটকি ডিভাইস। তবে সেটি ব্যবহারের জন্য তার কোনো সরকারি অনুমোদন ছিল না বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি র্যাবের হাতে সেন্টু গ্রেপ্তার হওয়ার পর তার কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। বেরিয়ে আসছে অপরাধজগতের সঙ্গে তার সম্পৃক্ততার নানা তথ্য। স্থানীয়দের অভিযোগ, বাইরে থেকে সাধারণ জীবনযাপন করলেও আড়ালে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।
মিয়াপাড়া এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সেন্টুর কাছে খুলনার বিভিন্ন এলাকার প্রভাবশালী ব্যক্তিদের আসা-যাওয়া ছিল। তার চালচলন দেখে সহজে বোঝার উপায় ছিল না যে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত।
তবে মাঝেমধ্যে তাকে কালো রঙের এন্টেনাযুক্ত একটি যন্ত্র ব্যবহার করতে দেখা যেত। সেটির মাধ্যমে তিনি কারও সঙ্গে কথা বলতেন বলে জানান স্থানীয়রা। তাদের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি সম্পর্কে আগাম তথ্য পেতেই ওই যন্ত্র ব্যবহার করা হতে পারে। তবে শনিবার সকালে গ্রেপ্তারের সময় সেন্টুর কাছে ওই ওয়াকিটকি পাওয়া যায়নি। টোকাই থেকে কোটিপতি, স্থানীয়দের প্রশ্ন
সেন্টুর উত্থান নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। একসময় টোকাই হিসেবে পরিচিত একজন ব্যক্তি কীভাবে কোটি টাকার সম্পদের মালিক হলেন, এমন প্রশ্ন তুলেছেন তারা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, কীভাবে তিনি বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সদস্যপদ পেলেন। দলীয় সদস্যপদ পেতে রাজনৈতিক যোগ্যতার পাশাপাশি অর্থের কোনো ভূমিকা ছিল কি না, তা নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তবে এসব অভিযোগের বিষয়ে সেন্টুর বক্তব্য জানা সম্ভব হয়নি। ওয়াকিটকি ব্যবহারে সরকারি অনুমোদন লাগে। খুলনা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, র্যাব সেন্টুকে কিছু টাকা, মাদকদ্রব্য ও তিনজন নারীসহ থানায় সোপর্দ করেছে। তবে কোনো ওয়াকিটকি সেট থানায় হস্তান্তর করা হয়নি। তিনি বলেন, ওয়াকিটকি ডিভাইস ব্যবহারের জন্য সরকারি অনুমোদন প্রয়োজন। অনুমোদন ছাড়া কেউ এটি ব্যবহার করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।
ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত ওয়াকিটকির ফ্রিকোয়েন্সির সঙ্গে বাইরের কোনো ডিভাইসের ফ্রিকোয়েন্সির মিল থাকার কথা নয়। সেন্টুর ওয়াকিটকি হাতে থাকা এমন একটি ছবি পাওয়া গেলেও সেটির সঙ্গে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকির কোনো মিল নেই। তার ভাষ্য, ওই যন্ত্র ব্যবহারের মাধ্যমে সেন্টু কোনো অপরাধে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে। ৩,৯৫৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার
গত শনিবার সকাল পৌনে ৯টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকায় বিএনপির সাবেক নেতা রিয়াজের বাড়ির চারতলার নিচতলা থেকে নাসির উদ্দিন সেন্টুকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তারের পর থেকেই সেন্টুর ঘনিষ্ঠ সহযোগীদের অনেকেই গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সেন্টুর বিরুদ্ধে ওঠা অভিযোগ, তার অর্থের উৎস, কথিত ওয়াকিটকি ব্যবহার এবং অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ, সবকিছু তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।