নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা ও নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন (৪০) ও নিয়ামুল শেখ (৩০) এবং নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম ওরফে রাজীব শেখ (৩২)।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে উপজেলার ভাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন ও নিয়ামুল শেখকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই ভাটপাড়া গ্রামের বাসিন্দা। আলমগীর হোসেন মৃত আয়তাল হকের ছেলে এবং নিয়ামুল শেখ আলম শেখের ছেলে।
অন্যদিকে শনিবার ভোরে নড়াইল জেলায় অভিযান চালিয়ে আব্দুস সালাম ওরফে রাজীব শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা গ্রামের আবু তালেব শেখের ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, রাজীব শেখ ওই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
পুলিশ আরও জানায়, ২০২৫ সালের ১৮ নভেম্বর অভয়নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের এই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা এবং নিষিদ্ধ যুবলীগের ওয়ারেন্টভুক্ত এক পলাতক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে। পুলিশের এ অভিযানের পর মামলাটির অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।