নিজস্ব প্রতিবেদক
বরগুনায় ডাব চুরি করতে নারিকেল গাছে উঠে বিপাকে পড়েছেন এক যুবক। গাছে থাকা ভিমরুলের বাসায় আঘাত লাগতেই ঝাঁকে ঝাঁকে ভিমরুল তাকে আক্রমণ করে। প্রাণ বাঁচাতে গাছ থেকে নিচে পড়ে আহত হওয়ার পর শেষ পর্যন্ত যে বাড়িতে চুরি করতে গিয়েছিলেন, সেই বাড়ির মালিককেই ডাকতে হয়েছে তাকে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শনিবার (২৯ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার খাড়াকান্দা এলাকায় বেলাল নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম দবির। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে খাড়াকান্দা এলাকার বাসিন্দা বেলালের বাড়ির একটি নারিকেল গাছে ডাব চুরি করতে ওঠেন দবির। সঙ্গে থাকা করাত দিয়ে তিনি গাছের কয়েকটি ডাব কাটেন এবং সেগুলো নিচে ফেলে দেন। এরপর ডাব কাটার সময় হঠাৎ গাছে থাকা একটি ভিমরুলের বাসায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে ভিমরুলের ঝাঁক দবিরকে আক্রমণ করে কামড়াতে শুরু করে। ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে তিনি গাছ থেকে মাটিতে পড়ে যান। এতে তাঁর কোমর ও হাতে আঘাত লাগে।
গাছের নিচে পড়ে আহত অবস্থায় রাত পার করার পর সকালে ওই বাড়ির বাসিন্দাদের উদ্দেশে চিৎকার করে সাহায্য চান দবির। তাঁর ডাকাডাকিতে বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারিকেল গাছের নিচ থেকে আহত দবিরকে উদ্ধার করে। গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাড়ির মালিক বেলাল বলেন, “সে এলাকার সব গাছের ডাব ও সুপারির মালিক মনে করে নিজেকে। সকালে ঘুম থেকে ওঠার পর সে আমাদের ডেকে বলে, ‘ভাই, আমাকে উদ্ধার করেন। আমি গাছের নিচে পড়ে আছি।’ গিয়ে দেখি ডাবসহ ওই চোর গাছের নিচে পড়ে আছে। এরপর পুলিশে খবর দিই। বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) শামীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছের নিচে পড়ে থাকা দবিরকে উদ্ধার করে। তিনি গুরুতর আহত ছিলেন। পরে তাকে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চুরি করতে গিয়ে বিপদে পড়ে শেষ পর্যন্ত যাঁর বাড়িতে চুরি করতে গিয়েছিলেন, তাঁর কাছেই সাহায্য চাওয়ার বিষয়টি নিয়েও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।