নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কদমতলীর নামা-শ্যামপুর এলাকায় ছিনতাইয়ের সময় পথচারীকে ছুরিকাঘাত করতে গিয়ে হাত ফসকে নিজের সহযোগীর শরীরে ছুরি বিদ্ধ হয়ে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুই ছিনতাইকারী পালিয়ে গেছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) ভোরে নামা-শ্যামপুরের বড়ইতলা ভাঙা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই ছিনতাইকারীকে উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজীব কুমার বাড়ৈ জানান, ভোরে ভাঙা ব্রিজের পাশে দুই পথচারীকে ঘিরে ধরে তিন ছিনতাইকারী। এ সময় একজন ছিনতাইকারী এক পথচারীকে জাপটে ধরে তাঁর কাছ থেকে টাকা-পয়সা ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অন্য দুইজনও ছিনতাইয়ে সহযোগিতা করছিল। একপর্যায়ে তাঁদের একজন সুইচ গিয়ার দিয়ে ওই পথচারীকে আঘাত করার চেষ্টা করেন। তখন পেছন থেকে তাঁর সহযোগী ছিনতাইকারী তাঁকে জাপটে ধরলে ছুরিটি হাত ফসকে ওই সহযোগীর শরীরে বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।
ঘটনার পর দুই ছিনতাইকারী সেখান থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তায় পড়ে থাকা আহত ছিনতাইকারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিদর্শক (তদন্ত) সজীব কুমার বাড়ৈ বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অপর দুই ছিনতাইকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।