নিজস্ব প্রতিবেদক
গ্রেপ্তার জামাল পত্তনদার ফরিদপুরের গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া ফেনু মোল্ল্যার পাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম হোসেন পত্তনদার।
র্যাব-৬-এর সিপিসি-৩, যশোর ও র্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি যৌথ দল গতকাল রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় জামাল পত্তনদারকে গ্রেপ্তার করা হয়। র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া এলাকায় সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মণ্ডলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জামাল পত্তনদারসহ অন্যদের আসামি করা হয়।
মামলাটি বিচার শেষে ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত পলাতক আসামি মো. জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিম শেখকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা জামাল পত্তনদারকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত হওয়ার পর নড়াইলের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অস্ত্র ও মাদক মামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।