নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে যাত্রীবাহী গড়াই পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, নওয়াপাড়া পৌরসভার মশরহাটী গ্রামের হাকিম গাজীর ছেলে আমজেদ গাজী (৫৪) এবং লক্ষ্মীপুর গ্রামের মৃত মালেক সরদারের স্ত্রী আছিরন বিবি (৬৫)। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মজুমদার ব্রান অয়েল মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে যশোরগামী যাত্রীবাহী গড়াই পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৮৪) একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। ধাক্কার পর মোটরসাইকেলটি বাসের সামনের ইঞ্জিনের অংশে আটকে যায়। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারীরা বাসটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজনিন নিগার জানান, একজন পুরুষকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। গুরুতর আহত বৃদ্ধা নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রাথমিকভাবে তাদের মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম বলেন, গড়াই পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারীরা পালিয়ে গেছে। তাদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।