নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মো. জীবন তালুকদার (২২) নামে এক ছাত্রদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আহতের স্বজনরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার মডেল স্কুল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহত জীবন তালুকদার নওয়াপাড়া কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি নওয়াপাড়া গো-হাট এলাকার মিন্টু তালুকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পর রক্তাক্ত অবস্থায় জীবন তালুকদারকে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন (৩৫) ওরফে ‘খুড়া জাকির’ নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। তিনি মডেল স্কুলের সামনে রেলবস্তি/গুয়াখোলা এলাকার কামরুল হোসেনের ছেলে। এ ছাড়া রবিউল গাজী (১৮) নামে আরও একজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তিনি একই এলাকার ওয়াহিদ গাজীর ছেলে।
আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ।
আহতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুরের বড় বোন ফুলজান বিবি, বাহাদুর, মজিদসহ আরও কয়েকজন মাদক কারবারি এ হামলায় জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা পুলিশের
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। হামলার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিরা মাদকের সঙ্গে জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত জীবন তালুকদারের ওপর হামলার প্রকৃত কারণ এবং কারা এতে জড়িত, তা তদন্ত শেষ হলে স্পষ্ট হবে।