নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন নতুন এক নস্টালজিয়ার হাওয়া। ফেসবুক খুললেই চোখে পড়ছে আশির দশকের হলিউড-বলিউডের ক্লাসিক পোস্টার, ভিন্টেজ ফটোশুট আর রেট্রো ফ্যাশনের নানা ছবি। যেন হঠাৎ করেই চার দশক পেছনে ফিরে গেছেন নেটিজেনরা। ওভারসাইজড ব্লেজার, পোলকা ডট পোশাক, চওড়া কলারের শার্ট, রেট্রো হেয়ারস্টাইল আর পুরোনো দিনের ফ্যাশন, সব মিলিয়ে আশির দশকের আবহে নিজেদের নতুন করে আবিষ্কার করছেন অনেকে। বর্তমান সময়ের ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে রূপান্তর করে অনেকেই দেখছেন, চার দশক আগে তাদের দেখতে কেমন লাগত। এই ট্রেন্ডের বাইরে থাকেননি দেশের বিনোদন অঙ্গনের তারকারাও। নতুন এই রেট্রো উন্মাদনায় গা ভাসিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা, তমা মির্জা, তাসনিয়া ফারিণ, সাফা কবির, বিদ্যা সিনহা মিম, তানজিকা আমিন, মাসুমা রহমান নাবিলা, পড়শী, তৌসিফ মাহবুব, আরশ খান, জিয়াউল ফারুক অপূর্বসহ অনেকে। নিজের রেট্রো লুকের ছবি প্রকাশ করে চিত্রনায়িকা পূর্ণিমা ক্যাপশনে লিখেছেন, ‘নতুন ট্রেন্ড’। তাঁর সেই ছবি মুহূর্তেই নজর কাড়ে ভক্ত-অনুরাগীদের। তমা মির্জাও নিজের ভিন্টেজ সাজের ছবি শেয়ার করে লিখেছেন, ‘ট্রেন্ড অনুসরণ করছি।’ আশির দশকের ফ্যাশনে অভিনেত্রীর এই রূপ প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের।
অভিনেত্রী তানজিকা আমিনও এই ট্রেন্ডে নিজের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘গা ভাসাইলাম।’ অন্যদিকে মাসুমা রহমান নাবিলা ফিরে গেছেন পুরোনো দিনের স্মৃতিতে। ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘কালজয়ী গান আর পুরোনো দিনের স্টাইলের সেই সোনালী যুগে ফিরে যাওয়া!’
বিদ্যা সিনহা মিম নিজের রেট্রো লুকের ছবি প্রকাশ করে সংক্ষিপ্ত ক্যাপশনে লিখেছেন, ‘আশির দশকের লুক। সাফা কবিরও আশির দশকের সাজে ভক্তদের সামনে হাজির হয়েছেন। তিনি লিখেছেন, ‘আশির দশকের এই উন্মাদনা এখন পুরো ইন্টারনেটজুড়ে ছড়িয়ে পড়েছে। আর চরকি এতে দারুণ এক চমৎকার ভাবনা নিয়ে হাজির হয়েছে! আশির দশকের এই লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবও রেট্রো লুকে ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’
তাসনিয়া ফারিণও পিছিয়ে নেই এই ডিজিটাল নস্টালজিয়া থেকে। আশির দশকের আবহে নিজের ছবি প্রকাশ করে তিনিও ভক্তদের মাঝে তৈরি করেছেন কৌতূহল। একইভাবে সংগীতশিল্পী পড়শীও এআইয়ের মাধ্যমে নিজের সম্ভাব্য আশির দশকের রূপ দেখে মুগ্ধ। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ১৯৮০ সালে যদি থাকতাম, তাহলে মনে হয় এমন থাকতাম। সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের এই ট্রেন্ড যেন তারুণ্যের মধ্যে ফিরিয়ে আনছে পুরোনো দিনের ফ্যাশন, গান ও সিনেমার নস্টালজিয়া। প্রযুক্তির কল্যাণে বর্তমানের মানুষ যখন মুহূর্তেই ফিরে যেতে পারছেন অতীতের ক্যানভাসে, তখন তারকাদের রেট্রো লুক সেই আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে। একদিকে আধুনিক এআই প্রযুক্তি, অন্যদিকে আশির দশকের চিরচেনা নান্দনিকতা, দুইয়ের মেলবন্ধনে তৈরি এই নতুন ট্রেন্ড এখন বিনোদনপ্রেমীদের টাইমলাইনে রীতিমতো ঝড় তুলেছে।