নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডকে মাদক, চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসমুক্ত করে একটি নিরাপদ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন কাউন্সিলর পদে মনোনয়নপ্রত্যাশী এস এম রফিকুজ্জামান টুলু।
তিনি নওয়াপাড়া পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসন্ন নওয়াপাড়া পৌরসভার নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে এস এম রফিকুজ্জামান টুলু বলেন, দলীয়ভাবে মনোনয়ন পেলে তিনি নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাজ করবেন।
টুলু বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হলে ৩ নম্বর ওয়ার্ডবাসীকে পূর্ণ নিরাপত্তা দিয়ে একটি মডেল ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। মাদক, চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে ওয়ার্ডবাসীকে সঙ্গে নিয়ে কাজ করব।
তিনি আরও বলেন, শুধু মাদক ও সন্ত্রাস দমন নয়, সমাজের অন্যতম ব্যাধি বাল্যবিয়ে বন্ধেও কার্যকর ভূমিকা রাখতে চান। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সমন্বয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এস এম রফিকুজ্জামান টুলুর দাবি, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাকে দীর্ঘদিন কারাবরণসহ নানা ধরনের নির্যাতন ও প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে এসব পরিস্থিতিতেও তিনি ধৈর্য ধরে জনগণের পাশে ছিলেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছি। কারাবন্দী হওয়া ও নির্যাতনের মতো কঠিন পরিস্থিতির মধ্যেও জনগণের সঙ্গে থেকেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়, এমন কোনো কর্মকাণ্ডে কখনো জড়িত ছিলাম না।
নির্বাচিত হলে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার করে টুলু বলেন, কাউন্সিলর পদকে তিনি ব্যক্তিগত স্বার্থে নয়, বরং জনগণের সেবা ও এলাকার উন্নয়নের মাধ্যম হিসেবে দেখতে চান। নাগরিকদের নিরাপত্তা, সামাজিক শান্তি, মাদক নিয়ন্ত্রণ এবং তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। তিনি আরও বলেন, মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। ৩ নম্বর ওয়ার্ডকে এমন একটি ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নিরাপদে বসবাস করবে এবং তরুণ প্রজন্ম মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে। কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে তিনি ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। তবে তার এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচিত হওয়ার পর সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।