নিজস্ব প্রতিবেদক
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারে যশোরে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে। জেলার ৪৩টি স্থানে একযোগে পরিচালিত এ অভিযানে ১ হাজার ৭০০টির বেশি মোটরসাইকেল ও প্রাইভেট কার তল্লাশি করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যশোর জেলার নয়টি থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ট্রাফিক পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে স্থাপিত ৪৩টি চেকপোস্টে সন্দেহজনক যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়। অভিযানে আইন অমান্য করায় ৩৪টি মোটরসাইকেল আটক করা হয়েছে। পাশাপাশি ১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিনজন কিশোরকেও আটক করা হয়। যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম পিপিএম-সেবা বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি কিশোর গ্যাং নির্মূল, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এসব অভিযানের মাধ্যমে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে।
জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি—সুস্থ ও নিরাপদ সমাজ গড়ি।