নিজস্ব প্রতিবেদক
খুলনায় পারিবারিক বিরোধের জেরে ইকবাল শেখ (৪৬) নামে এক বিএনপি নেতাকে গুলি করার অভিযোগ উঠেছে তাঁর সাবেক জামাই আবিরের বিরুদ্ধে। রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন ইসলামপাড়া প্রথম গলিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইকবাল শেখকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠান। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক। স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল শেখের মেয়ে সুমাইয়ার সঙ্গে আবিরের প্রায় চার মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই সাবেক জামাই আবিরের সঙ্গে ইকবাল শেখের পরিবারের পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার সকালে ইকবাল শেখকে লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। অভিযুক্ত আবিরকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও গুলিবর্ষণের বিস্তারিত তথ্য তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।