নিজস্ব প্রতিবেদক
মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি, এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় যশোর টাউন হল মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ যশোরের আয়োজনে এবং কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। কারিগরি সহায়তা দেয় বাংলাদেশ কাবাডি ফেডারেশন। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় যশোরের আটটি উপজেলার চ্যাম্পিয়ন ৮টি পুরুষ ও ৮টি নারী দল অংশ নেয়। প্রতিযোগিতার পুরুষ বিভাগে ফাইনালে মুখোমুখি হয় কোতোয়ালি থানা ও অভয়নগর থানা দল। এতে অভয়নগর থানা পুরুষ দল জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে নারী বিভাগে কোতোয়ালি থানা ও বাঘারপাড়া থানা দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে কোতোয়ালি থানা নারী দল চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতার শুরুতে ইউনিয়ন পর্যায়ে নারী ও পুরুষ দল গঠন করে প্রতিযোগিতার মাধ্যমে উপজেলা চ্যাম্পিয়ন নির্বাচন করা হয়। পরে উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে নির্বাচিত নারী ও পুরুষ দল জাতীয় পর্যায়ের খেলায় অংশ নেবে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, যশোর জেলা কাবাডি ফেডারেশনের আহ্বায়ক আবুল বাশার সাইফুদ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপন, জেলা ক্রীড়া সংস্থার চিন্ময় সাহা, অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেলের মো. মুন্না বিশ্বাস, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ লাইনের আরআই, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের মনোনীত রেফারি, বিভিন্ন থানার খেলোয়াড় ও কোচসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।