বিশেষ প্রতিনিধি, মনিরামপুর (যশোর):
জীবিত সৎ মাকে সরকারি নথিপত্রে ‘মৃত’ বানিয়ে দেওয়া, সৎ ভাইকে শিক্ষা ও পরিচয় থেকে বঞ্চিত রাখা এবং রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে পৈতৃক সম্পত্তি গ্রাস করার এক অবিশ্বাস্য ও জঘন্য ঘটনার উন্মোচন হয়েছে যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নে।
অভিযোগের তির কোলা গ্রামের মৃত ঝুনু মোড়লের প্রথম স্ত্রীর সন্তান ও স্থানীয় ক্ষমতাধর আওয়ামী লীগ কর্মী মোঃ লিয়াকত হোসেনের দিকে। বিগত ১৫ বছর ধরে সাবেক ইউপি চেয়ারম্যান ও সচিবদের যোগসাজশে তিনি তার সৎ ভাই, বর্তমানে মালয়েশিয়া প্রবাসী তাইজেল ইসলামের অধিকার হরণ করে আসছেন বলে তথ্য পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, কোলা গ্রামের মৃত ঝুনু মোড়ল তাঁর প্রথম স্ত্রী থাকা অবস্থায় ১৯৮৫-৮৬ সালের দিকে নৈমান বেগমকে বিয়ে করেন। পরবর্তীতে নৈমান বেগমের ছোট বোন জাহিদা বেগমকেও তিনি বিয়ে করেন। জাহিদা বেগমের গর্ভে জন্ম নেন তাইজেল ইসলাম।
নব্বইয়ের দশকের শুরুতে ঝুনু মোড়ল মারা গেলে মাত্র ৫ বছরের শিশু তাইজেল এবং তাঁর মা জাহিদা বেগম চরম অসহায়ত্বের মধ্যে পড়েন। লিয়াকত (যার বয়স তখন ২২ বছর) সম্পত্তির একক নিয়ন্ত্রণ নিতে জাহিদা বেগমকে জোরপূর্বক অন্যত্র বিয়ে দিয়ে তাড়িয়ে দেন। এতিম তাইজেলকে কোনোদিন স্কুলেও পাঠাতে দেওয়া হয়নি, যাতে তিনি পরবর্তীতে নিজের অধিকার সচেতন হতে না পারেন। পদে পদে নির্যাতন সহ্য করে মামার বাড়িতে কোনোমতে বড় হওয়া তাইজেল আজ জীবন ও জীবিকার তাগিদে মালয়েশিয়ায় দিনমজুরের কাজ করছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর লিয়াকতের রাজনৈতিক প্রভাব কয়েক গুণ বেড়ে যায়। লিয়াকত ও তৎকালীন ইউপি চেয়ারম্যানদের বাধার কারণে বহু বছর তাইজেল কোনো জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র (NID) পাননি। এ সম্পর্কে ভুক্তভোগী তাইজেল ইসলাম বলেন “আমার এনআইডি কার্ড হলে তো আমি বাবার সম্পত্তির ভাগ দাবি করব—এই ভয়ে পুরো আওয়ামী রাজনৈতিক আমল জুড়ে আমাকে আইডি কার্ড করতে দেওয়া হয়নি। প্রতিবার চেয়ারম্যানদের বারণ করে দেওয়া হতো।” মালয়েশিয়া থেকে কান্নাভেজা কণ্ঠে জানান, "বাবার রেখে যাওয়া ১৮ বিঘা সম্পত্তির মধ্যে ৩ বিঘা বিক্রি করে লিয়াকত সবাইকে হাত করেছে। আমার বয়স ৪০ পার হয়ে গেল, কিন্তু বাবার ১ শতক জমিও চোখে দেখলাম না।"
এমনকি বাবার অধিকার নিয়ে কথা বলতে গেলে তাইজেলের ছেলে আলামিনকে আওয়ামী আমলে নির্মমভাবে প্রহার করা হয়। বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে গত ১৯ মার্চ ২০২৪ তারিখে তাইজেল তাঁর জাতীয় পরিচয়পত্র হাতে পান।
লিয়াকতের অপকর্মের সব সীমা ছাড়িয়ে যায় ২০২১ সালে। পৈতৃক নথিপত্র থেকে তাইজেলের নাম চিরতরে মুছে ফেলার উদ্দেশ্যে লিয়াকত তৎকালীন আওয়ামী লীগ মনোনীত হরিহরনগর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জহুর এবং ইউপি সচিব শারমিন সুলতানার যোগসাজশে জাহিদা বেগমের নামীয় ভুয়া মৃত্যু সনদ ইস্যু করান।ভুক্তভোগী জাহিদা বেগম (বর্তমানে জীবিত) তার সাথে কথা হলে তিনি আক্ষেপ করে বলেন:
"২০২২ সালের ইউপি নির্বাচনে ভোট দিতে গিয়ে লিয়াকতের কাছে শুনি আমার ভোট নাকি দেওয়া হয়ে গেছে! পরদিন উপজেলা অফিসে গিয়ে জানতে পারি, সরকারি খাতায় আমি নাকি ২০২১ সাল থেকেই মৃত! আমি নাকি আর বেঁচে নেই!"
গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাইজেল ইসলাম ইউনিয়ন পরিষদে উত্তরাধিকার বা ওয়ারিশন সনদের আবেদন করেন। গত ০৭/০৪/২০২৫ ইং তারিখে হরিহরনগরের বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক বিশ্বাসের স্বাক্ষরে একটি সঠিক ওয়ারিশন সনদ দেওয়া হয় (যাতে ঝুনু মোড়লের ৩ স্ত্রীর ১১ সন্তানের নাম ছিল এবং তাইজেলের নাম ছিল ৩ নম্বরে)।কিন্তু অভিযোগ ওঠে, লিয়াকত ও তার ভাই লতিফ মোটা অঙ্কের টাকার বিনিময়ে ইউপি চেয়ারম্যান ও সচিবকে ম্যানেজ করে উক্ত ওয়ারিশন সনদটি রাতারাতি বাতিল করান।
কোনো উপায় না পেয়ে তাইজেল ১লা অক্টোবর ২০২৬ তারিখে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন। বিষয়টি আমলে নিয়ে ৬ই অক্টোবর ২০২৬ তারিখে ইউএনও সাহেব ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাসকে ডেকে অবিলম্বে তাইজেলের ওয়ারিশন সনদ ইস্যু করার মৌখিক নির্দেশ দেন।কিন্তু এরপরই শুরু হয় অদ্ভুত নাটকীয়তা ৮ই অক্টোবর (বৃহস্পতিবার) তাইজেলের ছেলে আলামিন পরিষদে গেলে সচিব শারমিন সুলতানা অনুপস্থিত থাকায় কাজ হয়নি বলে জানানো হয়। এবং তাকে পরের দিন আসতে বলা হয় এবং ১০ই অক্টোবর (রবিবার) আলামিন পরিষদে গেলে সচিব জানান, “যশোর ডিসি অফিসের ডিডিএলজি (DDLG) রফিক স্যার ফোন করে সনদ দিতে নিষেধ করেছেন।” পরবর্তীতে ডিডিএলজি জনাব রফিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন এবং জানান তিনি কোনো ফোন দেননি। এরপর ইউপি সচিব দাবি করেন, “স্যারের পিয়ন ফোন দিয়েছিল।” কিন্তু পিয়নের সাথে কথা বললে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “আমার কি কাউকে ফোন দিয়ে সনদ আটকানোর কোনো অধিকার আছে?” এ দিকে এই বিষয় নিয়ে কথা হয় মোঃ লিয়াকতের সাথে তিনি প্রথম দফায় তাইজেলকে তাঁর বাবার সন্তান স্বীকার করলেও পরক্ষণেই তা অস্বীকার করেন। তবে জীবিত সৎ মাকে কীভাবে সরকারি খাতায় মৃত দেখানো হলো—এ বিষয়ে দায় এড়িয়ে তিনি বলেন, "ইউনিয়ন বা উপজেলা পরিষদ কী করেছে তা আমি জানি না, আমি এ বিষয়ে কিছুই বলতে পারব না।" বিষয়টি নিয়ে কথা হয় বর্তমান হরিহরনগর এর ইউপি চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক বিশাসের সাথে তিনি পুরো বিষয়টি ইউপি সচিবের ওপর দায় চাপিয়ে দিয়ে বলেন, "ডিসি অফিসে লিয়াকতরা অভিযোগ দিয়েছে শুনেছি, তাই আমরা আপাতত ওয়ারিশন সনদ আটকে রেখেছি।"
একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে এবং সরকারি প্রশাসনকে বিভ্রান্ত করে এ ধরনের জালিয়াতির ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে এলাকায়। সচেতন এলাকাবাসী অবিলম্বে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ এবং এই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।