নিজস্ব প্রতিবেদক
গাবখালী মাগুরা ইউনাইটেড ডিগ্রি কলেজের ১০ শিক্ষার্থী পেল নতুন ইউনিফর্ম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘কেন্দ্রবিন্দু ৮৮’ সংগঠন। উৎসব উপলক্ষে সংগঠনটির উদ্যোগে ৪০ জনের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। এর মধ্যে যশোরের গাবখালী মাগুরা ইউনাইটেড ডিগ্রি কলেজের ১০ শিক্ষার্থী পেয়েছে নতুন ইউনিফর্ম।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে ইউনিফর্ম তুলে দেওয়া হয়। এ সময় পোশাক বিতরণ করেন ‘কেন্দ্রবিন্দু ৮৮-এর সদস্য ও কলেজের সহকারী অধ্যাপক বাবু শ্যামল কুমার পাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ রিফাত জাহান খান, কলেজ শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. সেলিম হোসেন, সহকারী অধ্যাপক শাহিনুল হক তরফদার, সহকারী অধ্যাপক দেবাশীষ করসহ কলেজের অন্যান্য শিক্ষক।
সংগঠনটির এ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে নতুন পোশাক বিতরণের এ আয়োজন সামাজিক দায়বদ্ধতা ও সম্প্রীতির বার্তা বহন করছে।