নিজস্ব প্রতিবেদক
গত ১৩ অক্টোবর ২০২৬ ইং তারিখে প্রকাশিত ‘দৈনিক কল্যাণ’ পত্রিকার প্রথম পাতায় “ঝিকরগাছার অঘোষিত যুবরাজ ভাবীর দেবর” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ, ঘৃণা ও নিন্দা জানাচ্ছি। সংবাদটিতে আমার সম্পর্কে যে সকল মনগড়া ও ভিত্তিহীন বিষয়ের অবতারণা করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যেপ্রণোদিত।
প্রকাশিত খবরের বস্তুনিষ্ঠতা ও সত্যতার চরম অভাব নিচে স্পষ্ট করা হলো:
১. মনগড়া ছাত্রলীগে সম্পৃক্ততার দাবি:
আমি বর্তমানে ঝিকরগাছা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে সততার সাথে নিয়োজিত আছি। আমি কোনোদিন, কোনো কালেও মনের ভুলেও বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না।
২. ভুয়া নথি ও মোবাইল নম্বর বিভ্রাট:
সংবাদটি যে তথাকথিত নথির ওপর ভিত্তি করে করা হয়েছে, তা ১৯৯৮ সালের সময়কালের বলে দাবি করা হয়েছে। সেখানে যে মোবাইল নম্বরগুলো উল্লেখ করা হয়েছে, সেগুলো ১১ ডিজিটের। অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই, বাংলাদেশে ২০০৬ সালের ১লা ডিসেম্বর থেকে মোবাইল নম্বরগুলোতে ১১ ডিজিট চালু করা হয়। ১৯৯৮ সালে কীভাবে ১১ ডিজিটের মোবাইল নম্বর ব্যবহৃত হতে পারে? এ থেকেই স্পষ্ট প্রমাণিত হয় যে, আমার বিরুদ্ধে একটি ভুয়া ও জাল নথি তৈরি করে তথ্য যাচাই-বাছাই ছাড়াই অসৎ উদ্দেশ্যে সংবাদটি প্রকাশ করা হয়েছে।
৩. পরিবারের আত্মত্যাগ ও রাজপথের ইতিহাস: আমি ও আমার পুরো পরিবার বিএনপির জন্মলগ্ন থেকেই শহীদ জিয়াউর রহমানের আদর্শের রাজনীতির সাথে সম্পৃক্ত। যশোর জেলার দল-মত নির্বিশেষে সকল বিএনপি নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ আমাদের পরিচ্ছন্ন রাজপথের ভূমিকা সম্পর্কে অবগত। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে শুধুমাত্র বিএনপি করার অপরাধে আমার বিরুদ্ধে ৫০টিরও বেশি মিথ্যা ও রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে—যা যশোর জেলায় যেকোনো বিএনপি নেতা-কর্মীর জন্য সর্বোচ্চ বললেই চলে। রাজপথের লড়াইয়ের কারণে আমাকে ৪ বার জেল খাটতে হয়েছে এবং পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে।
৪. পরিবারের চরম আত্মত্যাগ:
বিএনপি করার কারণেই ২০১১ সালে আমার আপন বড় ভাই, তৎকালীন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক জনাব নাজমুল ইসলামকে আওয়ামী সন্ত্রাসী বাহিনী নির্মমভাবে হত্যা করে। যে পরিবার রাজপথের আন্দোলনে নিজেদের রক্ত ও জীবন দিয়েছে, সেই পরিবার নিয়ে এমন জঘন্য মিথ্যাচার অত্যন্ত বেদনাদায়ক।
মূল উদ্দেশ্য:
আমি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঝিকরগাছা পৌরসভার মেয়র পদপ্রার্থী। নির্বাচনে আমি যেন জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন না পাই এবং সাধারণ জনগণের কাছে আমার ও আমার শহীদ পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়—সেই অপচেষ্টায় একটি কায়েমী স্বার্থান্বেষী গোষ্ঠী সাংবাদিককে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করেছে। আর পত্রিকা কর্তৃপক্ষ কোনো রকম যাচাই-বাছাই না করেই এই সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করে ভিত্তিহীন সংবাদটি ছাপিয়েছে।
আমি এই অসত্য সংবাদের তীব্র ঘৃণা, প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষকে অবিলম্বে এই ভিত্তিহীন সংবাদটি প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমার ও আমার পরিবারের মানহানি করার অপরাধে আমি আইনি পদক্ষেপ গ্রহণে বাধ্য হব।
প্রতিবাদকারী,
মোঃ আরাফাত কল্লোল
সাধারণ সম্পাদক, ঝিকরগাছা উপজেলা যুবদল