নিজস্ব প্রতিবেদক
মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে চলছে যৌথ অভিযান। জনগণের আস্থা পুনরুদ্ধার এবং সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ পুলিশ। এ কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইন্সে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, বিগত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা দূর করাই তাঁদের অন্যতম লক্ষ্য। ৫ আগস্টের পর পুলিশ দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে এবং দায়িত্ব পালন করছে। জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলে মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে কাজ করতে চায় বাংলাদেশ পুলিশ।
তিনি বলেন, বর্তমান সরকার মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। সমাজকে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পুলিশপ্রধান আরও বলেন, বর্তমানে কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। এসব কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কেএমপি কমিশনার মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম এবং পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে আইজিপি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে খুলনা অঞ্চলের বিভিন্ন ইউনিটে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।