নিজস্ব প্রতিবেদক
ক্যাবের সমীক্ষা: ৫৫% পরিবার বলছে বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা খারাপ বা খুব খারাপ; ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ১৩২.২৮ মেগাওয়াট-পিক
বিদ্যুৎ ব্যবহারে জীবনমানের উন্নতি হলেও আয় বৃদ্ধির তুলনায় বিদ্যুৎ বিলের অতিরিক্ত চাপ নিয়ে অসন্তোষ রয়েছে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বড় একটি অংশের মধ্যে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর এক সমীক্ষায় দেখা গেছে, ৬৯ শতাংশ পরিবার বিদ্যুৎ বিলের চাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে ৫৫ শতাংশ পরিবার বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতাকে খারাপ বা খুব খারাপ বলে উল্লেখ করেছে।
তবে বিদ্যুৎ ব্যবহারের ইতিবাচক প্রভাবও স্পষ্ট। সমীক্ষায় অংশ নেওয়া ৮৯ শতাংশ পরিবার জানিয়েছে, বিদ্যুৎ ব্যবহারের ফলে তাদের জীবনমানের উন্নতি হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক গণসংলাপে সমীক্ষার এসব তথ্য তুলে ধরে ক্যাব।
এক দশকে বদলেছে জীবনযাত্রা
রাজশাহী সিটি করপোরেশনের ৩৩৪টি এবং ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ২২২টি—মোট ৫৫৬টি পরিবারের ওপর এ সমীক্ষা পরিচালিত হয়। এতে গত এক দশকে প্রান্তিক বা লাইফলাইন গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তনের চিত্র উঠে এসেছে।
সমীক্ষা অনুযায়ী, ৮৫ শতাংশ উত্তরদাতার বিদ্যুৎ ব্যবহার বেড়েছে এবং ৭৭ শতাংশ পরিবারের বাসায় বৈচিত্র্যময় বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এ সময়ে ফ্রিজ ব্যবহারের হার ১০ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশে এবং টেলিভিশন ব্যবহারের হার ৩৪ শতাংশ থেকে বেড়ে ৪৮ শতাংশে দাঁড়িয়েছে।
এ ছাড়া ৭৬ শতাংশ পরিবার জানিয়েছে, বিদ্যুতের ব্যবহারে শিশুদের পড়াশোনার পরিবেশ উন্নত হয়েছে। অন্যদিকে, ৯৭ শতাংশ পরিবার রাতে নিরাপত্তাবোধ বাড়ার কথা জানিয়েছে। অর্থাৎ, বিদ্যুৎ শুধু দৈনন্দিন জীবনযাত্রাই সহজ করেনি, শিক্ষা ও রাতের নিরাপত্তার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রেখেছে।
ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ১৩২.২৮ মেগাওয়াট-পিক
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের বড় সম্ভাবনা রয়েছে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।
ক্যাবের উপস্থাপিত তথ্য অনুযায়ী, সরকারি ৩১টি বিশ্ববিদ্যালয়ে ৫২.৫০ মেগাওয়াট-পিক, ১৫০টি কলেজে ৫১.১২ মেগাওয়াট-পিক, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ২৪.৬০ মেগাওয়াট-পিক এবং শৈলকুপা পৌরসভায় ৪.০৬ মেগাওয়াট-পিক সৌরবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। সব মিলিয়ে সম্ভাব্য উৎপাদনক্ষমতা ১৩২.২৮ মেগাওয়াট-পিক।
সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে এ সম্ভাবনা কাজে লাগানো গেলে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলে গণসংলাপে জানানো হয়।
বিদ্যুৎ ব্যবহারের তথ্য দিয়ে দরিদ্র পরিবার শনাক্তের প্রস্তাব
পরিবারভিত্তিক বিদ্যুৎ ব্যবহারের তথ্য বিশ্লেষণ করে দরিদ্র পরিবার শনাক্ত করার একটি প্রস্তাব দিয়েছে ক্যাব। সংগঠনটির মূল প্রবন্ধে এ বিষয়ে ১২ দফা কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
ক্যাবের দাবি, এ পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে সরকারি ব্যয় সাশ্রয়ের সুযোগ তৈরি হবে। সংগঠনটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২ হাজার ৬৯৯ কোটি টাকা এবং অর্থ মন্ত্রণালয়ের ২১৬ কোটি টাকার পৃথক প্রকল্প ব্যয়ের কথা উল্লেখ করে সম্ভাব্য সাশ্রয়ের বিষয়টি তুলে ধরে।
তবে এ প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন বলে মত দিয়েছেন আলোচকেরা। তাঁদের বক্তব্য, দুর্গম ও চরাঞ্চলের অনেক মানুষ এখনো বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছেন। আবার অনেক দরিদ্র পরিবার যৌথভাবে একটি মিটার ব্যবহার করে। ফলে শুধু বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দিয়ে দারিদ্র্য নির্ধারণ করা হলে প্রকৃত দরিদ্র পরিবার বাদ পড়া কিংবা ভুলভাবে পরিবার শ্রেণিবদ্ধ হওয়ার ঝুঁকি রয়েছে।
বিদ্যুৎ খাতে জবাবদিহি ও বিকল্প জ্বালানির তাগিদ
গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বিদ্যুৎ খাতে বিগত সরকারের দায়মুক্তি আইনের সমালোচনা করেন। তিনি প্রতিটি খাতে জবাবদিহি নিশ্চিত করা, বিকল্প জ্বালানির উৎস জোরদার করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কার্যকর সরকারি নীতি ও প্রণোদনা দেওয়ার দাবি জানান। স্ট্যামফোর্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক শিহাব উদ্দিন সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
ক্যাবের তিন সুপারিশ
গণসংলাপ শেষে ক্যাব সরকারের কাছে তিনটি প্রধান সুপারিশ তুলে ধরে। এগুলো হলো, লাইফলাইন গ্রাহকদের জন্য বিদ্যুৎ-সহায়তা পুনর্মূল্যায়ন, বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা বৃদ্ধি এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্প্রসারণ।
ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম।
সমীক্ষার ফলাফল বলছে, বিদ্যুৎ সুবিধার বিস্তার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনলেও সাশ্রয়ী বিল, নির্ভরযোগ্য সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এখনো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এসব ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে প্রান্তিক জনগোষ্ঠীর বিদ্যুৎ-সুবিধা আরও টেকসই ও জনবান্ধব করা সম্ভব হবে।