নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের আটঘরা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মনিরামপুর উপজেলার ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আটঘরা এলাকায় অভিযান চালায়। এ সময় মো. শাহাবউদ্দিনের বাড়ির সামনের পাকা সড়ক থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কেশবপুর উপজেলার কোমরপুর বকুলতলা গ্রামের মৃত সোহরাব মোল্লার ছেলে মো. আলম মোল্লা (৪৪) এবং একই উপজেলার মঙ্গলকোর্ট মধ্যমপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. আব্দুল লতিফ (৫০)।
পুলিশ জানায়, আটকের পর তাঁদের দেহ তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে ৫০০ গ্রাম করে মোট ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে।