বিশেষ প্রতিনিধি
করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অভয়নগর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সদস্য শাহানা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. আব্দুল হাফিজ। পবিত্র গীতা পাঠ করেন নিউ মুক্তেশ্বরী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অঞ্জনা রায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অভয়নগর উপজেলা সমবায় অফিসার মো. উদয়দুজ্জামান। সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন অভয়নগর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. নুরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আবিদ আনসারি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার সভাপতি সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাহিদুল ইসলাম, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল মোল্যা, বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
সমবায়ে বাড়ছে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড
আলোচনা সভায় অভয়নগর উপজেলা সমবায় বিভাগ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভিন্ন কার্যক্রম ও সাফল্যের চিত্র তুলে ধরেন উপজেলা সমবায় অফিসার মো. উদয়দুজ্জামান।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, অভয়নগর উপজেলায় সমবায় বিভাগ ও বিআরডিবির আওতায় বর্তমানে মোট ৩৯টি সমবায় সমিতি কার্যক্রম পরিচালনা করছে। এসব সমিতির কার্যক্রম থেকে অর্জিত লাভের ১৩ শতাংশ সরকারি রাজস্ব হিসেবে আদায় হয়। গত অর্থবছরে এ খাত থেকে প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা সরকারি রাজস্ব আদায় হয়েছে।
উপজেলায় শিক্ষক-কর্মচারী, মৎস্যজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, তাঁতি ও দুগ্ধ উৎপাদনকারীসহ প্রায় ২০ ধরনের সমবায় সমিতির কার্যক্রম রয়েছে। এর মধ্যে মিল্কভিটার আওতায় একটি শীতলীকরণ কেন্দ্রসহ ১৯টি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি রয়েছে।
নারীর ক্ষমতায়নে সমবায়
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ‘উন্নত জাতের গাভী পালন’ প্রকল্পের আওতায় ৫০০ নারীকে গাভী ক্রয়ের জন্য ৮ শতাংশ সার্ভিস চার্জের শর্তে মোট ৫ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়ার পাশাপাশি পরিবারভিত্তিক কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।
এছাড়া সমবায় বিভাগের আওতায় উপজেলার তিনটি আশ্রয়ন প্রকল্পে কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে ইছামতি আশ্রয়ন (ফেইজ-২) প্রকল্পে পাঁচটি ব্যাচের মাধ্যমে ৫০টি পরিবারের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে।
দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ
পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে চলতি অর্থবছরে ৭৫ জন নারী ও ১০৫ জন পুরুষ সদস্যকে দেশের ৯টি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ট্রেডে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর পাশাপাশি অভয়নগর উপজেলায় তিনটি ভ্রাম্যমাণ প্রশিক্ষণও সফলভাবে সম্পন্ন হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় শুধু সঞ্চয় ও ঋণ কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম কার্যকর মাধ্যম। সমবায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে স্থানীয় পর্যায়ে দারিদ্র্য হ্রাস ও আত্মনির্ভরশীলতা অর্জন সম্ভব।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সমবায়ীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।