নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের একটি শ্যামাপূজা মণ্ডপে অগ্নিকাণ্ডের ছবিকে যশোরের কালীবাজারের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি যশোরের নয়, ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কালীবাজারের একটি শ্যামাপূজা মণ্ডপে অগ্নিকাণ্ডের।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছিল কালীপূজার আগের দিন, মণ্ডপ উদ্বোধনের আগেই। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মণ্ডপে বৈদ্যুতিক কাজ চলার সময় শর্টসার্কিট থেকে কাপড়ে আগুন ধরে যায়। পরে আগুনে পুরো মণ্ডপ পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই মণ্ডপটি ভস্মীভূত হয়।
এদিকে, ঘটনাটিকে ‘জঙ্গিদের আগুন দেওয়ার ঘটনা’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে দাবি ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা পাওয়া যায়নি। জেলা পুলিশ জানিয়েছে, এ দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
পুলিশ আরও জানায়, প্রচারিত ছবির ব্যানারে লেখা ‘JASORA KALIBAZAR’ বানান এবং মণ্ডপের নকশার সঙ্গে যশোরের কালীবাজারের কোনো মিল নেই। ফলে ভারতের ঘটনার ছবিকে যশোরের ঘটনা হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।
এ ধরনের অপপ্রচার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে। তাই গুজবে কান না দেওয়া এবং তথ্য যাচাই না করে কোনো ছবি বা পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ, যশোর।
জনস্বার্থে প্রচারিত: জেলা পুলিশ, যশোর।