নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে যশোর শহরের টিবি ক্লিনিকের সামনে এবং কোতয়ালী থানার নরেন্দ্রপুর বেলতলা মোড়ে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, যশোর শহরের টিবি ক্লিনিক এলাকার জয়নাল আবেদীনের ছেলে সিরাজুল ইসলাম (৩৭) এবং নরেন্দ্রপুর পোস্ট অফিসপাড়া এলাকার ইকবাল হোসেনের ছেলে তামিম আহম্মেদ রানা (২২)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টা ১৫ মিনিটের দিকে যশোর কোতয়ালী মডেল থানাধীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিবি ক্লিনিকের গেটের সামনে অভিযান চালান ডিবির এসআই মো. কামাল হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় সিরাজুল ইসলামকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এর পাঁচ মিনিট পর রাত ৮টা ২০ মিনিটে একই থানার ১৪ নম্বর নরেন্দ্রপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেলতলা মোড়ে জনৈক আলী হোসেনের চায়ের দোকানের সামনে অভিযান চালান ডিবির এসআই বাবলা দাস ও তাঁর সঙ্গীয় ফোর্স। সেখান থেকে তামিম আহম্মেদ রানাকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
দুটি অভিযান থেকে মোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে সোমবার (৯ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।