মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে অভয়নগর উপজেলা সমিতি ঢাকা। যশোরের অভয়নগর উপজেলার সিরাজকাঠি গ্রামের ক্যান্সার আক্রান্ত অসহায় রোগী মনিরুল ইসলামের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকার ব্যাংক চেক প্রদান করেছে সংগঠনটি। সোমবার ১৬ নভেম্বর সকালে সমিতির পক্ষ থেকে ওই সহযোগিতা চেক প্রদান করা হয়। সম্প্রতি বিভিন্ন হৃদয়বান ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে মনিরুল ইসলামের চিকিৎসার জন্য যে আর্থিক অনুদান সংগ্রহ করা হয়েছিল, সেই তহবিল থেকে এ অর্থ সহায়তা দেওয়া হয়। অভয়নগর উপজেলা সমিতি ঢাকা-এর সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে আলোচনার মাধ্যমে সংগৃহীত অনুদানের অর্থ থেকে ৪০ হাজার টাকার ব্যাংক চেক মনিরুল ইসলামের হাতে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, ক্যান্সারের মতো জটিল রোগের সঙ্গে লড়াই করতে গিয়ে মনিরুল ইসলামকে দীর্ঘদিন ধরে চিকিৎসার ব্যয়ভার বহন করতে হচ্ছে। এমন কঠিন সময়ে তাঁর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত অভয়নগরের মানুষ ও সমাজের হৃদয়বান ব্যক্তিরা। তাঁদের সম্মিলিত উদ্যোগে সংগৃহীত অর্থ থেকে এই সহায়তা প্রদান করা হলো। এদিকে, অভয়নগর উপজেলা সমিতি ঢাকা জানিয়েছে, আরও কয়েকজন অসহায় ও হতদরিদ্র রোগী উন্নত চিকিৎসার ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা চেয়ে সমিতির কাছে আবেদন করেছেন। মনিরুল ইসলামের চিকিৎসায় সহায়তা দেওয়ার পর অনুদানের তহবিলে অবশিষ্ট থাকা অর্থ সভাপতি অধ্যাপক অশীত বরণ অধিকারী ও সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার মাসুদ এর সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে আবেদনকারী অসহায় রোগীদের চিকিৎসার জন্য প্রদান করা হবে।
এ উদ্যোগ শুধু একজন রোগীর চিকিৎসায় আর্থিক সহযোগিতা নয়, বরং বিপদে মানুষের পাশে দাঁড়ানোর এক অনুকরণীয় সামাজিক দৃষ্টান্ত। প্রবাসে কিংবা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করেও নিজ এলাকার অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন অভয়নগরবাসী। এ বিষয়ে ধন্যবাদ জানিয়ে মোঃ ইয়াছিন শেখ বলেন, যাঁরা মনিরুল ইসলামের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেছেন, মহান আল্লাহ যেন তাঁদের প্রত্যেকের দান কবুল করেন। ভবিষ্যতেও অসহায় ও হতদরিদ্র রোগীদের পাশে দাঁড়াতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। মানবিক এই উদ্যোগ অব্যাহত থাকুক, এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের। সমাজের সামর্থ্যবান মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে অর্থাভাবে কোনো অসহায় রোগীর চিকিৎসা যেন থেমে না থাকে।