
নিজস্ব প্রতিবেদক
মহিলা ওয়ার্ড সংলগ্ন বাথরুমের ছাদ ব্যবহার করে পালানো, জোরদার অভিযান শুরু। খুলনার পুরাতন জেলা কারাগার থেকে মো. ইমন মাঝি নামে এক বন্দির চাঞ্চল্যকর পলায়নের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে তিনি কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। কারা সূত্রে জানা গেছে, ইমন মাঝি কারাগারের মহিলা ওয়ার্ড সংলগ্ন একটি বাথরুমের ছাদে উঠে কৌশলে দেয়াল টপকে পালিয়ে যেতে সক্ষম হন। বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসার পরপরই কারাগারে চরম সতর্কতা জারি করা হয়। পলাতক বন্দি ইমন মাঝির পিতা আবদুল মাঝি। তিনি খুলনা মহানগরের লবণচরা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলায় জিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানা গেছে।
আরও জানা যায়, সোনাডাঙ্গা থানার মামলা নম্বর ০৯(০১)২৫, তারিখ ২১ আগস্ট ২০২৫-এর চুরির মামলায় (দণ্ডবিধির ৩৮১/৩৪ ধারা) ইমন মাঝি আসামি ছিলেন। গত ১৩ জুন ২০২৬ থেকে তিনি খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন।
ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করে। পলাতক বন্দিকে গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে জোরদার অভিযান শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এদিকে, কীভাবে একজন বন্দি কারাগারের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে পালাতে সক্ষম হলেন, তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কারা কর্তৃপক্ষ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।