
বিশেষ অপরাধ অনুসন্ধান প্রতিবেদন, এ আর নাহিদ , যশোর:
সরকারি নীতিমালাকে বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, ভুয়া নথিপত্র তৈরি এবং কালোবাজারির সিন্ডিকেট—যশোর জেলাজুড়ে কৃষি মন্ত্রণালয়ের অধীন সরকারি সারের ডিলারশিপ বণ্টনকে কেন্দ্র করে এক নজিরবিহীন অনিয়মের চিত্র সামনে এসেছে। মাঠপর্যায়ের বিস্তৃত তদন্ত ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, প্রকৃত ও অভিজ্ঞ সারের ব্যবসায়ীদের সুকৌশলে বাদ দিয়ে দলীয় পরিচয়, পারিবারিক ঘনিষ্ঠতা এবং অনৈতিক প্রভাবের বিনিময়ে অযোগ্যদের হাতে তুলে দেওয়া হয়েছে সারের ডিলারশিপ। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে অবশেষে নড়েচড়ে বসেছে সরকার। অনিয়মের কারণে দেশের যে ছয়টি জেলায় পুনরায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, যশোর জেলা তার মধ্যে অন্যতম।
জেলা প্রশাসন সূত্র জানায়, গত আগস্ট মাসে যশোর জেলার ৯৩টি ইউনিয়ন ও আটটি পৌরসভায় প্রতিটিতে এক জন করে মোট ১০১ জন সারের ডিলার নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়। জেলা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে ৯৮ জন ডিলারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে যশোর সদরে ১৬, মণিরামপুরে ১৭, শার্শায় ১২, কেশবপুরে ১২, অভয়নগরে ৯, চৌগাছায় ১১, বাঘারপাড়ায় ৯ এবং ঝিকরগাছায় ১২ জন ডিলার অনুমোদন পান।
তবে তালিকা অনুসন্ধানে থলের বিড়াল বেরিয়ে আসে—অনুমোদন প্রাপ্ত ৯৮ জন ডিলারের মধ্যে ৬৫ জনই বিএনপি ও এর অঙ্গসংগঠন (ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল) কিংবা তাদের পরিবারের সদস্য। তালিকায় স্থান পেয়েছেন রাজনৈতিক নেতাদের স্ত্রী, ষাটোর্ধ্ব বৃদ্ধা মা এবং নিকট আত্মীয়রা। নীতিমালা অনুযায়ী আবেদনকারীর সার বিক্রির পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক হলেও, তালিকায় এমন অনেকে স্থান পেয়েছেন যাদের কোনো দিন সার কিংবা কীটনাশক ব্যবসার বিন্দুমাত্র অভিজ্ঞতা ছিল না।অপরাধ অনুসন্ধানে ধরা পড়া উপজেলাভিত্তিক জালিয়াতির নানা চিত্র দেখআ গিয়েছে । মেসার্স চৌগাছা ট্রেডার্স (চৌগাছা পৌরসভা), তালিকার এক নম্বরে থাকা এই প্রতিষ্ঠানের মালিক পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়া। অনুসন্ধানে দেখা যায়, তিনি মূলত টাইলস ব্যবসায়ী। নীতিমালা তোয়াক্কা না করে অভিজ্ঞ ব্যবসায়ীদের বাদ দিয়ে তাকেই সরকারি সারের ডিলার করা হয়েছে। পাতিবিলা ইউনিয়নে চার জন অভিজ্ঞ সার ব্যবসায়ী আবেদন করা সত্ত্বেও তাদের বাদ দিয়ে ডিলারশিপ দেওয়া হয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসানের স্ত্রী রহিমা আক্তার লিপিকে, যার সার ব্যবসার কোনো অভিজ্ঞতাই নেই। হাকিমপুর ইউনিয়নে ‘মেসার্স নিশান টেন্ডার্স’-এর মালিক করা হয়েছে মাসুদুল হাসানের ষাটোর্ধ্ব মা আমেনা বেগমকে। তার আগে থেকেই টিসিবি ডিলারশিপ রয়েছে। মা কিংবা ছেলে, কারোরই সার ব্যবসার প্রাথমিক অভিজ্ঞতা নেই। সুপপুকুরিয়া ইউনিয়নে সরকারি ডিলারশিপ পেয়েছেন ‘মেসার্স বিশ্বাস ট্রেডার্স’-এর মালিক শ্যামল কুমার বিশ্বাস। অনুসন্ধানে জানা যায়, তিনি আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী, তার ভাই মিহির বিশ্বাস সুপপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পদধারী নেতা এবং তার ছেলে কনক বিশ্বাস বর্তমানে মাদক মামলায় কারাগারে বন্দি রয়েছেন। ধুলিয়ানী ইউনিয়নে সারের ডিলারশিপ পেয়েছেন রঞ্জু বেগম। ঘটনাটি অনুসন্ধানে দেখা যায়, এই বছরের আগস্ট মাসে রঞ্জু বেগমের স্বামী খায়রুলের গোডাউন থেকে ২৭১ বস্তা চোরাই সরকারি সার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত এবং তাকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। রহস্যজনকভাবে, সেই অপরাধমূলক কর্মকাণ্ডের গোডাউনটি দেখিয়েই স্ত্রী রঞ্জু বেগমের নামে পুনরায় ডিলারশিপ অনুমোদন করা হয়েছে। জগদিশপুর ইউনিয়নে মেসার্স আব্বী এন্টারপ্রাইজ-এর মালিক ইকরাম আব্বী আসাদ ডিলারশিপ পেয়েছেন। অথচ গত ১৫ বছর তিনি এই ইউনিয়নে বসবাসই করেন না, থাকেন জেলা সদরে। ডিলারশিপ হাসিলের উদ্দেশ্যে তিনি ২০২৬ সালের আগস্ট মাসের দিকে ভোটার আইডি কার্ড নিজ ইউনিয়নে স্থানান্তর করেন। অন্যদিকে, এলাকার সর্বাধিক ত্যাগী ও প্রবীণ বিএনপি নেতা আব্দুল লতিফ লতা সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও বাদ পড়েছেন। স্বরূপদাহ ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন মেসার্স মাহিম এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলম। তিনি ডিলারশিপ পাওয়ার জন্য যে সারের গোডাউনটি দেখিয়েছেন, তা মূলত মাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের একটি গোডাউন (যেটি বজলু নামের এক ব্যক্তির কাছে ভাড়া দেওয়া ছিল)। চুক্তি অনুযায়ী যা ১লা নভেম্বর, ২০২৬-এ ভেঙে ফেলা হচ্ছে! অথচ এই ইউনিয়ন থেকে বিএনপির ত্যাগী নেতা, জেলা কৃষক দলের সভাপতি মকবুল হোসেনের ভাই আব্দুস সাত্তার এবং ৩২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন থানা বিএনপির সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমানকে চক্রান্ত করে বাদ দেওয়া হয়েছে। নারায়নপুর ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তরিকুল ইসলাম ডাবলুর স্ত্রী আমেনা বেগমের প্রতিষ্ঠান ‘মেসার্স আমেনা ট্রেডার্স’। অনুসন্ধানে জানা গেছে, যে ভবনের ঠিকানায় ডিলারশিপ নেওয়া হয়েছে, তার আসল নাম ‘চাঁদের আলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি’। ভবন মালিক জহুরুলের অভিযোগ, তার স্বাক্ষর জাল করে ভুয়া চুক্তিপত্র বানিয়ে সরকারের কাছে জমা দিয়েছেন আমেনা বেগমের স্বামী ডাবলু। এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নে ডিলার নিয়োগে অনিয়মের নিরপেক্ষ তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সার ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. আব্দুস সাত্তার। তার অভিযোগ, অনুমোদনপ্রাপ্ত আব্দুর রশিদ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত এবং তিনি সাবেক এমপি রণজিৎ রায়ের গাড়িচালক মিজানুর রহমানের আপন ভাই।
মনিরামপুর উপজেলায় সারের ডিলারশীপের অনিয়মের অভিজোগে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন। ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি হারুন অর রশিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিগত দিনে যাদের মামলা-হামলার শিকার হয়েছি, নেতারা এখন সেসব প্রতিপক্ষকে অর্থের বিনিময়ে ডিলার করেছে।”ঝাঁপা ইউনিয়নে (মণিরামপুর)মেসার্স লাকি এন্টারপ্রাইজের মালিক গোলাম আলী ডিলারশিপ পেয়েছেন, যিনি স্থানীয় আওয়ামী লীগের অন্যতম অর্থ জোগানদাতা হিসেবে পরিচিত।নেহালপুর ইউনিয়নে মেসার্স সরদার এন্টারপ্রাইজের মালিক তবিবর রহমান রুমু ডিলারশিপ পেয়েছেন। তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর খালাতো ভাই। কালিবাড়ীতে নথিপত্রে যে গুদামের কথা বলা হয়েছে, তা একটি পরিত্যক্ত ঘর যেখানে কখনোই সারের ব্যবসা হয়নি। কেবল অনৈতিক তদবিরের জোরেই তিনি এই ডিলারশিপ বাগিয়ে নেন।দুর্বাডাঙ্গা ইউনিয়নে ‘মেসার্স জান্নাতুল ফেরদাউস এন্টারপ্রাইজ’-এর মালিক রওশন আরা খাতুন চলমান ফ্যামিলি কার্ড শুমারির ইউনিয়ন সুপারভাইজার। তার স্বামী আফজাল হোসেন একজন চিহ্নিত প্রতারক ও মাদক কারবারি, যিনি সম্প্রতি ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে
শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে‘মেসার্স জোস্না ট্রেডার্স’-এর মালিক মাসুদ রানা ডিলারশিপ পেয়েছেন। স্থানীয়দের অভিযোগ, তিনি আওয়ামী লীগের দোসর এবং তার ব্যবসায়িক পার্টনার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। এ নিয়ে সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সব অনিয়মকে ছাড়িয়ে রহস্যজনক মোড় নিয়েছে চৌগাছা উপজেলার সদর ইউনিয়ন, বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়ন এবং মণিরামপুরের হরিহরনগর ইউনিয়নের সারের ডিলারশিপ বিতরণ কার্যক্রম। এই ৩টি ইউনিয়নে ডিলারশিপ স্থগিত রাখা হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, চৌগাছা সদর ইউনিয়নে আবেদনকারী ছিলেন চৌগাছা উপজেলার বর্তমান সভাপতি এম এ সালামের প্রতিষ্ঠান। উপজেলা ও জেলা থেকে প্রেরিত তালিকার ১ নম্বর পজিশনে তার প্রতিষ্ঠানের নাম থাকা সত্ত্বেও এবং সব যোগ্যতা পূরণ করা সত্ত্বেও কোনো এক অদৃশ্য হাতের ইশারায় চূড়ান্ত তালিকায় তার নাম আসেনি। নারিকেলবাড়িয়া ও হরিহরনগর ইউনিয়নেও ঠিক একই ধরনের ষড়যন্ত্রমূলক স্থগিতাদেশ ঝুলিয়ে রাখা হয়েছে।
সার ডিলার নিয়োগে এই অভূতপূর্ব স্বজনপ্রীতি ও দলীয়করণের প্রতিবাদে গত ২২ অক্টোবর প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন জেলা জামায়াতের পাঁচ এমপি। জেলা জামায়াতের আমির গোলাম রসূল অভিযোগ করে বলেন, ৯৩টি ইউনিয়নে পুরোপুরি বিএনপির দেওয়া তালিকা অনুযায়ী ডিলার নিয়োগ করা হয়েছে। সেখানে জামায়াতের এমপিদের কোনো সুপারিশই বিবেচনায় নেওয়া হয়নি।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জানান, আমাদের নেতাকর্মীরা আবেদন বেশি করেছিলেন, তাই তাদের পাওয়ার সংখ্যাটাও বেশি। তবে চূড়ান্ত বাছাই জেলা প্রশাসনই করেছে। নীতিগতভাবে সঠিক না হলে কেউ ডিলার হতে পারতো না, আমরা দলীয়ভাবে কোনো হস্তক্ষেপ করিনি।
গোপন সূত্রের খবর অনুযায়ী, চৌগাছার ১১টি, বাঘারপাড়ায় ৩টি, মণিরামপুরে ৪টি, শার্শায় ৩টি সহ মোট ২১টি অনিয়মগ্রস্ত ডিলারশিপের বিরুদ্ধে চরম মাত্রার তদন্ত চলছে। স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটি ঘটনার গভীরে গিয়ে কাজ করছে। মিডিয়াকে তিনি জানান, “জেলা সার ও বীজ মনিটরিং কমিটি লিখিত অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়েছে। তদন্ত কাজ দ্রুত গতিতে এগোচ্ছে এবং তদন্ত শেষে সরকারের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।”
সমগ্র যশোর জেলার দৃষ্টি এখন সরকারের এই পুনর্সন্ধান ও তদন্ত প্রতিবেদনের দিকে, প্রশাসন কি পারবে সারের মতো সংবেদনশীল খাতের এই বিষবৃক্ষ উপড়ে ফেলে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে এবং বঞ্চিত ব্যবসায়ীদের বিচার নিশ্চিত করতে?