
নিজস্ব প্রতিবেদক
মল্লিকবাড়ী-ঝিকরগাছা সড়কে অভিযান, ২৫ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাপ উদ্ধার। যশোরের চৌগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ভারতীয় নিষিদ্ধ কফ সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার সিংহঝুলি মাঠপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে যশোর ডিবির এসআই (নিরস্ত্র) রকি মন্ডলের নেতৃত্বে একটি চৌকস টিম চৌগাছা থানাধীন সিংহঝুলি মাঠপাড়া গ্রামের মল্লিকবাড়ী থেকে ঝিকরগাছা গামী পিচঢালা সড়কের উপর অবস্থান নেয়। এ সময় ইমন হোসেনের মুদি দোকানের সামনে সন্দেহজনকভাবে অবস্থানরত মোঃ আব্দুর রাজ্জাক (৫০)কে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি ও হেফাজতে থাকা ব্যাগ থেকে ২৫ (পঁচিশ) বোতল ভারতীয় নিষিদ্ধ ‘ESKUF’ কফ সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত এসব কফ সিরাপ অবৈধভাবে দেশে প্রবেশ করেছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক আব্দুর রাজ্জাক সিংহঝুলি (মাঠপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত ওমর আলী খাঁ এবং মাতা মৃত ছায়েরা বেগম। ডিবি কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এলাকা হওয়ায় চৌগাছা উপজেলায় দীর্ঘদিন ধরেই ভারতীয় কফ সিরাপসহ বিভিন্ন মাদক চোরাচালান হয়ে আসছে। এ ধরনের অভিযানে মাদক কারবারিদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হলেও পুরোপুরি নির্মূল করা এখনো সম্ভব হয়নি। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।