
নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চলিশিয়া গ্রামের মতিন দাসের ছেলে মঙ্গল দাস (২৬), ধোপাদী গ্রামের সুমন রহমানের ছেলে আব্দুল্লাহ আল মামুন (১৯) এবং সমসপুর গ্রামের মহির উদ্দিন ফকিরের ছেলে বিল্লাল হোসেন (৩৫)।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, অভিযান চলাকালে চলিশিয়া মোড় এলাকা থেকে এক পিস ইয়াবাসহ মঙ্গল দাসকে আটক করা হয়। এছাড়া ধোপাদী গ্রামে নিজ বাড়িতে প্রকাশ্যে মাতলামির দায়ে আব্দুল্লাহ আল মামুন এবং সমসপুর গ্রাম থেকে একই অপরাধে বিল্লাল হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আদালত মঙ্গল দাসকে ৬ মাস, আব্দুল্লাহ আল মামুনকে ১ মাস এবং বিল্লাল হোসেনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দীন দিপু বলেন,মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং কেউ ছাড় পাবে না।
স্থানীয়রা বলছেন, সম্প্রতি অভয়নগরের বিভিন্ন এলাকায় মাদকসেবন ও সংশ্লিষ্ট অপরাধ কিছুটা বেড়েছে। প্রশাসনের এই ধরনের অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনছে এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অভয়নগরে মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়ছে। সচেতন মহল মনে করছে, আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো গেলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা আরও সহজ হবে।