
নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে অভিনব কৌশলে ‘পুলিশ পরিচয়’ ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে ইউনিয়নের জনপ্রতিনিধিদের কাছে টাকা দাবি ও আদায়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫ নম্বর শ্রীধরপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য মো. সিরাজুল ইসলাম (৩১) এ ঘটনায় বাদী হয়ে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি উপজেলার দেয়াপাড়া গ্রামের বাসিন্দা। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৮ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে তার সঙ্গে যোগাযোগ করে। একপর্যায়ে প্রতারণার মাধ্যমে তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে নেয়। যেভাবে প্রতারণা হোয়াটসঅ্যাপ আইডি নিয়ন্ত্রণে নেওয়ার পর প্রতারক চক্রটি সিরাজুল ইসলামের পরিচয়ে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. আঞ্জারের সঙ্গে যোগাযোগ করে। তাকে জরুরি প্রয়োজনের কথা বলে কয়েকটি বিকাশ নম্বর দিয়ে ৫ হাজার টাকা পাঠাতে বলা হয়। সরল বিশ্বাসে তিনি ওই টাকা পাঠান। পরে বিষয়টি নিয়ে সন্দেহ হলে আঞ্জার মেম্বার সরাসরি সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়। ব্যবহৃত নম্বর ও কৌশল অভিযোগে উল্লেখিত নম্বরগুলো হলো,০১৭১৩-৫৮১৪০৬, ০১৭২৭-৮১৫৫৭৮, ০১৩৪৮০৭২৩৮৬, ০১৩৫৫-০৩৪৮৭৬ ও ০১৩১৩-৩৮৪০৮৬। এসব নম্বর ব্যবহার করে প্রতারকরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বিশ্বাস অর্জন করে এবং ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ। ঘটনার পর থেকে ইউনিয়নের জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, পরিচিত ব্যক্তির আইডি ব্যবহার করে টাকা চাওয়া হওয়ায় সহজেই মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হোয়াটসঅ্যাপে অপরিচিত লিংক বা কোড শেয়ার করা থেকে বিরত থাকতে হবে কেউ পরিচিত পরিচয়ে টাকা চাইলে সরাসরি ফোন করে নিশ্চিত হতে হবে সন্দেহজনক নম্বর দ্রুত ব্লক ও রিপোর্ট করতে হবে ডিজিটাল প্রতারণার নতুন এই কৌশল রোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।