
নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর মিন্ট রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। বৈঠক শেষে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিও ঘিরে ওঠা বিতর্কের প্রেক্ষিতে একটি সাংগঠনিক তদন্ত পরিচালিত হয়। তদন্তে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায় বলে দাবি ওঠে। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। প্রাথমিকভাবে বিষয়টি এআই দিয়ে তৈরি বলে দাবি করা হলেও পরবর্তীতে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। একপর্যায়ে সংশ্লিষ্ট তরুণীকে তার স্ত্রী বলে দাবি করার ঘটনাও সামনে আসে, যা বিতর্ককে আরও ঘনীভূত করে তোলে। জামায়াত সূত্রে জানা গেছে, ভাইরাল ভিডিওসহ সংশ্লিষ্ট অভিযোগগুলো খতিয়ে দেখতে দলীয়ভাবে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, গাজী নজরুল ইসলামের বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করা হবে। এর ফলে তার সংসদ সদস্য পদ নিয়েও পরবর্তী আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
গাজী নজরুল ইসলামের বহিষ্কার সাতক্ষীরা-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা রক্ষায় জামায়াতের এই পদক্ষেপ রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।