
নিজস্ব প্রতিবেদক
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রির অভিযোগে যশোরের অভয়নগরে দুই সার ব্যবসায়ীকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রবিবার (২ আগস্ট) রাতে বাঘুটিয়া ইউনিয়নের মরিচা বাজার ও শুভরাড়া ইউনিয়নের বালুরঘাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, সরকারি নির্ধারিত মূল্যের টিএসপি সার বেশি দামে বিক্রির অভিযোগে মরিচা বাজারে মেসার্স মাসুদ-মামুন ট্রেডার্সের মালিক মাসুদ মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে শুভরাড়া বালুরঘাট বাজারে মেসার্স ভাই ভাই কৃষি স্টোরের মালিক রিয়াজ উদ্দীনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, সরকার নির্ধারিত ৫০ কেজি টিএসপি সারের বস্তা যার মূল্য ১,৩৫০ টাকা, তা কৃষকদের কাছে ২,৩০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। তিনি আরও জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি করে সাধারণ কৃষকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় কৃষকরা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হচ্ছিলেন তারা। প্রশাসনের এমন পদক্ষেপ অব্যাহত থাকলে কৃষকরা উপকৃত হবেন এবং বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।