
নিজস্ব প্রতিবেদক
যশোরে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের পর বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় শাহরিয়ার রহমান (রাজু) (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আদালতের নির্দেশে শুক্রবার (৭ আগস্ট) কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়। মামলার নথি সূত্রে জানা যায়, যশোরের বাঘারপাড়া উপজেলার খলসি গ্রামের মিতালী আক্তার মিতু (২৬) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, যশোরে একটি নালিশি মামলা দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা শাহরিয়ার রহমান (রাজু) তাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
ভুক্তভোগীর দাবি, সম্পর্কের একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ান অভিযুক্ত রাজু। এতে প্রতারিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আদালতের শরণাপন্ন হন। মামলার প্রেক্ষিতে গত ২৯ জুলাই আদালত অভিযোগটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি তদন্তপূর্বক এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশনার আলোকে শুক্রবার থানায় মামলাটি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে।