
নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলো, জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।
স্থানীয়রা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিন শিশু বাড়ির পাশের ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তারা বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের দাদি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে পুকুরে গিয়ে খোঁজ করেন। পরে পুকুরের সিঁড়ির নিচে তিন শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। দ্রুত তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসনুন আব্দুল্লাহ জানান, দুপুর ১২টা ৫০ মিনিটে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার সময় তাদের কারও হার্টবিট ছিল না। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়। নিহতদের প্রতিবেশী চাচা মাহবুর রহমান বলেন, পুকুরটিতে সাধারণত লোকজনের চলাচল কম। যারা গোসল করতে যান, তারা গোসল শেষ করে দ্রুত চলে আসেন। ধারণা করা হচ্ছে, গোসলের সময় কোনোভাবে তারা পানিতে ডুবে যায়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একসঙ্গে তিন শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে জামদিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে স্থানীয় পরিবেশ।