
নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে যশোর কোতয়ালী মডেল থানার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্টিতলা এলাকায় এ অভিযান চালানো হয়। ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল ষষ্টিতলায় জনৈক মো. জাকির হোসেনের বসতবাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মো. আসাদুজ্জামান ওরফে রনি (৩৮) নামে এক ব্যক্তিকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। একই অভিযানে মো. রুবেল হোসেন ওরফে রিবন মাহামুদ রুবেল (৪০) নামে অপর একজনকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক আসাদুজ্জামান রনি ষষ্টিতলা মুজিব সড়ক রেলগেট এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মির্জা আনোয়ার হোসেন এবং মায়ের নাম মৃত আনোয়ারা বেগম। অপর আটক রুবেল হোসেন ওরফে রিবন মাহামুদ রুবেল যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা ৬ নম্বর ওয়ার্ডের রানাভাটা মদিনাবাগ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আব্দুর কাদের গোলদার এবং মায়ের নাম মোছা. জাহানারা বেগম। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে দুই ব্যক্তির কাছ থেকে মোট ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে সোমবার (১৭ আগস্ট) তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।