
নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩৯ বোতল অবৈধ Eskuf Cough Syrup উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসব ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে যশোর কোতোয়ালি থানার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই শেখ হাদিউজ্জামানের নেতৃত্বে একটি দল স্থানীয় আজাহার আলীর বাড়ির সামনে অভিযান চালিয়ে মো. রাকিবুল হাসান (২২) নামের এক যুবককে আটক করে। পরে তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার রাকিবুল হাসান যশোরের কোতোয়ালি থানাধীন বসন্ত কুমার রোড, ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত বাবলু। অন্যদিকে, একই দিন রাতে শার্শা উপজেলার উলশী ইউনিয়নের ৭ নম্বর ধলদাহ ওয়ার্ডের ধলদাহ বাজারে অভিযান চালায় ডিবির আরেকটি দল।
রাত ৯টা ২৫ মিনিটের দিকে এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে ডিবির দলটি জাহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মো. জহির রায়হান ওরফে রাজন (৩২), মো. শামিরুল ইসলাম (২৮) এবং মো. মহিদুল ইসলাম (৪২)কে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ৩৯ বোতল Eskuf Cough Syrup উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জহির রায়হান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে শার্শা থানার পেছনে একটি বাড়িতে ভাড়ায় বসবাস করছিলেন। শামিরুল ইসলাম ও মহিদুল ইসলাম দুজনই শার্শা উপজেলার লাউতাড়া এলাকার বাসিন্দা। ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ও কফ সিরাপ মাদকদ্রব্য হিসেবে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার রাকিবুল হাসান এবং অপর তিন আসামিকে শুক্রবার (২১ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে যশোর জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।