
নিজস্ব প্রতিবেদক
যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সঙ্গে অভয়নগরে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় নওয়াপাড়ার এলবি রুফটপ গার্ডেন রিয়ারভিউ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক মো. আশিকুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির সরদার শরিফ হোসেন। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম মহিউল ইসলাম, এনসিপি অভয়নগর উপজেলা আহ্বায়ক শাহাজাহান কবিরসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে নওয়াপাড়া প্রেসক্লাব, অভয়নগর প্রেসক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা অভয়নগরের বিভিন্ন সমস্যা, উন্নয়ন, নাগরিক সেবা, যোগাযোগ ব্যবস্থা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। একই সঙ্গে উপজেলার চলমান বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এমপি গোলাম রসুল। তিনি অভয়নগরের উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সভায় স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যম ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।