
নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে মাদকবিরোধী পৃথক অভিযানে এক ইয়াবা কারবারি ও চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ও ১০১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে এসব দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। দণ্ডপ্রাপ্তরা হলেন, অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে দেলোয়ার হোসেন দুলি (৩৭), বৌবাজার এলাকার মৃত মোহাম্মদ মোল্লার মেয়ে রোজিনা বেগম (৪০), গুয়াখোলা গ্রামের মৃত আমীর আলী বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস (৫৭), একই গ্রামের মৃত খলিলের ছেলে জাহাঙ্গীর (৩৭) এবং শংকরপাশা গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাহুল ইসলাম হিমেল (১৯)। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মাদকবিরোধী অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গা গ্রাম থেকে ১৭ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন দুলিকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে বৌবাজার এলাকা থেকে এক পুরিয়া গাঁজাসহ রোজিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গুয়াখোলা গ্রামের পৌর বাইপাস সড়ক থেকে ৫০ গ্রাম গাঁজাসহ ফারুক বিশ্বাস এবং একই গ্রামের হাইস্কুল গেট এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দেলোয়ার, রোজিনা, ফারুক ও জাহাঙ্গীরকে ৯৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। অন্যদিকে, পৃথক অভিযানে শংকরপাশা গ্রামের নিজ বাড়ি থেকে মাদক সেবন ও মাতলামির অভিযোগে রাহুল ইসলাম হিমেলকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনকে ৯৫ দিন এবং একজনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভয়নগরে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।