
নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মান্দারতলা গ্রামে গরু চোর সন্দেহে চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে একটি গরু ও একটি নছিমন গাড়ি উদ্ধার করা হয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মান্দারতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি গরু নছিমন গাড়িতে করে নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে তারা চারজনকে গরু চোর সন্দেহে আটক করে। স্থানীয়দের মারধরে আটক ব্যক্তিরা আহত হন। পরে তাদের মান্দারতলা বাজার এলাকায় রাখা হয়। আটক ব্যক্তিরা হলেন, মো. বাবু (৪০), মো. সেলিম (৪৫), মো. আলিফ (১৪) ও মো. সিহাব (২০)। খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি গরু ও একটি নছিমন গাড়ি উদ্ধার করা হয়।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই নিয়ামুল হোসেন জানান, স্থানীয়রা চারজনকে গরু চোর সন্দেহে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গরুটির মালিকানা ও আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা যাচাইসহ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পরই প্রকৃত ঘটনা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিশ্চিত হবে।