
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও মশক নিধনের লক্ষ্যে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকায় বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা গ্রামে উপজেলা পরিষদসংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ‘নিজে করি, অন্যকে উদ্বুদ্ধ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওয়াপাড়া পৌরসভা এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির উদ্বোধন করেন নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা (পিএনও) সাইফুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, শহর পরিকল্পনাবিদ সোহেল সরদার, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, পৌরসভার কর্মচারী শেখ শাহ জামাল, রাজু আহম্মেদ, আলী আকরাম ও সেলিম মল্লিকসহ রেড ক্রিসেন্ট ও স্কাউটের সদস্যরা।
পৌরসভা সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গুয়াখোলা গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিতকরণ এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, পরিত্যক্ত পাত্র ও টব পরিষ্কার রাখা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম যথেষ্ট নয়; এর পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন হতে হবে। এ লক্ষ্যে পর্যায়ক্রমে নওয়াপাড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। পৌর কর্তৃপক্ষ ডেঙ্গুর বিস্তার রোধে নওয়াপাড়ার সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিচ্ছন্ন ও মশকমুক্ত পৌর এলাকা গড়ে তুলতে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।