
নিজস্ব প্রতিবেদক
যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জনাব অনিন্দ্য ইসলাম অমিতের। তাঁর অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম। বক্তব্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাঁদের অভিভাবক ও শিক্ষকদেরও অভিনন্দন জানানো হয়।
উল্লেখ্য, যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। জেলা ও বিভাগীয় পর্যায়েও বিদ্যালয়টি বিভিন্ন সময়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। জেলা পুলিশ যশোরের তত্ত্বাবধানে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মো. আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মো. মুন্না বিশ্বাস, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ কুমার নন্দীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কৃতী শিক্ষার্থী, অভিভাবক এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।