
নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক তিনটি অভিযানে ১৭০টি ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শার্শা, কোতয়ালী ও চৌগাছা এলাকায় এসব অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। ডিবি পুলিশ জানায়, প্রথম অভিযানটি চালানো হয় শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে শার্শা উপজেলার নাভারন মোড়ে। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল ১০ নম্বর শার্শা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাভারন মোড় এলাকায় সেলিম রেজার মুসলিম হোটেলের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মো. শাহিন হোসেন ওরফে শাহিন আলম (২৫), মো. আব্দুল্লাহ আল হুসাইন (২৬) এবং মো. সবুজ সুলতান (২৫)কে আটক করা হয়। তাদের কাছ থেকে পৃথকভাবে ৫০টি করে মোট ১৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। গ্রেপ্তার শাহিন হোসেন শার্শা উপজেলার বেরি পশ্চিমপাড়া গ্রামের আকিজ উদ্দিনের ছেলে। আব্দুল্লাহ আল হুসাইন ও সবুজ সুলতান ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। এরপর রাত ১০টা ৪০ মিনিটে কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। এসআই (নিঃ) মো. সামিউল ইসলামের নেতৃত্বে তরফ নওয়াপাড়া গ্রামের একটি মুদির দোকানের সামনে ইটের সলিং করা সড়ক থেকে মো. আজিজুল ইসলাম (৩৮)কে আটক করা হয়। তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আজিজুল ইসলাম তরফ নওয়াপাড়া গ্রামের মোশারেফ আলী মোড়লের ছেলে।
অন্যদিকে, রাত ১০টা ১০ মিনিটে চৌগাছা উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালায় ডিবির একটি দল। এসআই (নিঃ) বাবলা দাসের নেতৃত্বে জগদীশপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আড়পাড়া পূর্বপাড়া জামে মসজিদের সামনে পাকা সড়ক থেকে মো. সোহাগ ইসলাম তোতা (২৭)কে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোহাগ ইসলাম তোতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাতগাছিয়া পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ডিবি পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।